ভিডিও কনফারেন্সে উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন শেখ হাসিনা

এস এম সোহেল :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গণভবন থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চাঁদপুর সদর, হাইমচর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় শতভাগ বিদুৎতায়ন ঘোষণা করা হয়েছে। একই সাথে উদ্বোধন করা হয় মতলব উত্তর মুক্তমঞ্চ ও প্রশিক্ষণ ভবন এবং মতলব দক্ষিণ ফায়ার স্টেশন। এসময় সব উন্নয়ন প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দোয়া ও মোনাজাতে শরীক হন সবাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন খুব সামনে। হয়তো যে কোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আবার আমরা জনগণের কাছে আসব, নৌকা মার্কায় ভোট চাইবো। আমরা দিনবদলের ঘোষণা দিয়েছিলাম। প্রকৃতপক্ষে মানুষের জীবন বদল হয়েছে। গত ১০ বছর ক্ষমতায় থেকে বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং বিরোধীদের সহিংস রাজনৈতিক কর্মকা-ের মতো কঠিন পরিস্থিতির মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশকে আমরা উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছি। আজ গ্রামের মানুষেরও ভাগ্য পরিবর্তন হয়েছে, উন্নত হয়েছে। আরও উন্নয়ন হোক সেটিই আমরা চাই। আর সেলক্ষ্য নিয়েই আমাদের কাজ। আরো উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট চাই।

চাঁদপুর সদর, হাইমচর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা উপলক্ষে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২য় ছবিতে উন্নয়ন প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। শেষের ছবিতে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন উপলক্ষে চাঁদপুর শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। -ইল্শেপাড়

প্রধানমন্ত্রী এ সময় সুন্দরবনকে সম্পূর্ণ জলদস্যু মুক্ত ঘোষণা করে ডাকাতি ছেড়ে দেয়া মানুষদের সমাজে পুনর্বাসনে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।
গণভবনে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এলজিআরডি ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, নৌ-পরিবহনমন্ত্রী মো. শাজাহান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী মুস্তাফা জব্বার।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের পরিচালনায় ভিডিও কনফারেন্সি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক মো. আব্দুছ ছোবহান মিঞা, কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির প্রমুখ।
এছাড়া বিভিন্ন উপজেলা ও পৌরসভার জনপ্রতিনিধিগণ, প্রশাসনিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর, হাইমচরসহ ১০৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। পরে চাঁদপুর ক্লাবে মনোজ্ঞ আতশবাজি প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, চাঁদপুরসহ সারাদেশে ৩২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০টি মন্ত্রণালয় ও বিভাগের আওতায় দেশের ৫৬টি জেলায় প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরমধ্যে তিনি ২৯৭টি প্রকল্প উদ্বোধন এবং ২৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে পিরোজপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বাগের হাট, চট্টগ্রাম, ঢাকার উত্তরার ১৮ নম্বর সেক্টর এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকার স্থানীয় জনগণ, প্রশাসন, জনপ্রতিনিধি এবং উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।