মতলবের ছাত্রী ধর্ষণ মামলার আসামি ৫ মাস পর জামিনে মুক্ত

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আলোচিত ছাত্রী ধর্ষণ মামলার আসামি প্রাক্তন শিক্ষক হারুন পাটোয়ারী গত শনিবার চাঁদপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। গত ২৯ মার্চ উচ্চ আদালত থেকে ২ সপ্তাহের আগাম জামিন নিয়ে চাঁদপুর আদালতে হাজির হলে আদালত তার ওই জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। দীর্ঘ প্রায় ৫ মাস কারাভোগের পর পুনরায় হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন নিয়ে আসলে গত ৪ সেপ্টেম্বর শিক্ষক হারুন পাটোয়ারীকে চাঁদপুরের আদালত জামিনে মুক্তি দেন।
এদিকে মামলার বাদীনি জাকিয়া আক্তার নিপার অভিযোগ, আসামি জামিনে বের হয়ে সে এবং তার আত্মীয়-স্বজনরা মামলা তুলে নিতে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি ধমকি দিচ্ছেন। মতলব দক্ষিণ উপজেলার নাউজান গ্রামে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামিকে ২৯ মার্চ জেলহাজতে প্রেরণ করে আদালত।
উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলার নাউজান গ্রামে হারুন পাটোয়ারী (৬৫) নামক এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে গত ২৫ জানুয়ারি চতুর্থ শ্রেণির ছাত্রী (১০) ধর্ষণের মামলা দায়ের করেন তার মা জাকিয়া আক্তার।
মামলা সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারি সন্ধ্যায় নাউজান গ্রামের প্রবাসীর চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে অন্যান্য দিনের মতো পার্শ্ববর্তী বাড়ির এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় নিজ বাড়িতে ফেরার পথে হারুন পাটোয়ারী (প্রাক্তন প্রধান শিক্ষক) ছাত্রীকে একা পেয়ে প্রলোভন দেখিয়ে শিক্ষকের বাড়ির বাথরুমের কাছে নিয়ে ধর্ষণ করে।

০৫ সেপ্টেম্বর, ২০২২।