স্টাফ রিপোর্টার
মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের নবকলস গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছে।
সরেজমিনে জানা যায়, গত ২৫ আগস্ট সকাল ৭টায় সময় নবকলস খালেক মৃধা বাড়ির আইয়ুব আলী মৃধার বেশ কিছু হাঁস পাশের বাড়ির মৃত সিধু মৃধার ছেলে আমির হোসেন ঘরে আসলে আমির হোসেনের স্ত্রী নাছিমা বেগম হাঁসগুলি তাড়িয়ে দেন। এ নিয়ে উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আইয়ুব আলীর ছেলে রবিউল আলম বাবু চাইনিজ কুড়াল দিয়ে আমির হোসেন (৭০) ও তার স্ত্রী নাছিমা বেগম (৫৫) উপর হামলা করে। তাদের ডাক-চিৎকারে পাশের ঘরে আলাল উদ্দিনের মেয়ে রত্না এগিয়ে এলে তাকেও চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে তারা। এ সময় বাবুর বড় ভাই রেহান উদ্দিন বাবুকে ধরতে এলে রেহান উদ্দিন আঘাতপ্রাপ্ত হয়। পরে আশপাশের লোকজন এসে রক্তাক্ত জখম অবস্থায় আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। আহত আমির হোসেন ও তার স্ত্রী নাছিমা বেগমের অবস্থা অবনতি হলে তাদের ঢাকা রেফার করা হয়।
এ বিষয়ে এলাকার একাধিক ব্যক্তি বলেন, দীর্ঘদিন যাবত আমির হোসেন ও আইয়ুব আলীর সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। হাঁস তাড়ানোর সূত্র ধরেই দেশীয় অস্ত্র দিয়ে যেভাবে হামলা করেছে তা দুঃখজনক। এছাড়া বাবু এলাকায় মেয়রের নাম ভাংগিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে।
এ বিষয়ে আমির হোসেনের মেয়ে ইয়াসমিন বলেন, তারা আমাদের জায়গা জোরপূর্বক দখল করে রেখেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আমাদের জায়গা ছেড়ে বলেছে। কিন্তু তারা কারো কথায় কর্ণপাত করে না। ঘটনার হামলাকারী রবিউল আলমের বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। এমনকি তার বোন মুক্তা বাবুর মোবাইল নম্বর দিতে রাজী হননি।
এ বিষয়ে ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মহন বলেন, উভয় পক্ষ বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি বলেছি, আগে রোগীর চিকিৎসা করাতে। পরে সমস্যার সমাধান করবো।
৩০ আগস্ট, ২০২১।
