মতলব উত্তরে জলাশয়ে মাছের পোণা অবমুক্ত

জাতীয় মৎস্য সপ্তাহ

মতলব উত্তর ব্যুরো
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে মতলব উত্তর উপজেলায় জলাশয়ে মাছের পোণা অবমুক্ত করা হয়। রোববার (২৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ পুকুরে রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছের পোণা অবমুক্ত করেন উপজেল নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান।
ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, কার্প জাতীয় মাছ ছাড়াও দেশি জাতের মাছ যাতে হারিয়ে না যায় সেজন্য বেশি করে দেশি মাছ চাষে সবাইকে এগিয়ে আসতে হবে। গুনগত ও অধিক উৎপাদনশীল জাতের মাছ চাষ করে পুষ্টির চাহিদা পূরণ ও বেকারত্ব দূরসহ আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।
তিনি আরো বলেন, কোনো নির্দিষ্ট জলাশয়ে পরিকল্পিত উপায়ে স্বল্পপুঁজি, অল্পসময় ও লাগসই প্রযুক্তির মাধ্যমে মাছের বিভিন্ন নিয়ম মেনে প্রাকৃতিক উৎপাদনের চেয়ে অধিক মাছ উৎপাদনই মাছ চাষ। মাছ চাষে লাভবান হতে হলে মাছ চাষ পরিকল্পনা থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত প্রতিটি পর্বে মাছ চাষিকে বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। মাছ চাষির অজ্ঞতা বা অবহেলা বা ভুল লাভজনক মাছ চাষের ক্ষেত্রে অন্তরায়। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় মাছ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান। মাছের অনেক চাহিদা থাকার কারণে মাছ চাষ করে ভালো আয় করা সম্ভব। স্থানীয় হাট, বাজার ছাড়াও দূরবর্তী বাজারে মাছ বিক্রি করে লাভ করা সম্ভব। তাছাড়া বিদেশে মাছ রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। মাছ চাষে বাংলাদেশ এখন চতুর্থ। এটা আমাদের গর্বের বিষয়।
৩০ আগস্ট, ২০২১।