মতলব দক্ষিণ ব্যুরো
মতলব পৌর এলাকার মধ্য দিঘলদীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মুজিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হযয়েছে। রোববার (৩১ জানুয়ারি) দিঘলদী এমএ সাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা মরহুম মুজিবুর রহমান (৮০) শনিবার সকালে হঠাৎ করেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন। ওই সময় উনাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসকের পরামর্শে ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত আনুমানিক ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নাইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে মরহুমকে মতলব দক্ষিণ থানা পুলিশের একটি চৌকস দল এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরহুমের কফিনে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন।
০১ ফেব্রুয়ারি, ২০২১।
