মতলব উত্তরের দক্ষিণ ব্যাসদী সপ্রাবি পরিদর্শন

জাতির উন্নতি চাইলে শিক্ষার মানোন্নয়ন করতে হবে
……উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস



মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য জাতীয় পতাকার রঙে তৈরীকৃত পোশাক ও কম্বল বিতরণ করেন তিনি।
জানা যায়, এ সময় তিনি ওই বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় ও শিক্ষার্থীদের ক্লাস ও শিক্ষার গুণগত মান, শ্রেণিকক্ষ ও ওয়াশব্লক নিয়ে কথা বলেন। এছাড়া শিক্ষার্থীদের পাশে বসে তাদের সঠিক সময়ে খাওয়া, ঘুম, পড়ালেখা, খেলাধুুলা করার জন্য উপদেশ দেন।
পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত বিষয়ভিত্তিক বিজ্ঞান প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং ইউআরসি ইন্সট্রাক্টার মো. শফিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে চলতি অর্থবছর উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামত প্রকল্পের আওতায় সংস্কার কাজ চলছে। যাতে সুন্দর পরিবেশ নিশ্চিতের মাধ্যমে বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করতে পারে। আশা করি চলমান প্রকল্পের আওতায় টেকসই ও স্বচ্ছভাবে বিদ্যালয়ের উন্নয়ন কাজ সমাপ্ত হবে। সেই জন্য বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকমন্ডলীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নতুন প্রজন্মের জন্য মেধা নির্ভর শিক্ষার দ্বার উন্মোচন করছে। তার সদিচ্ছায় আজ শিক্ষার্থীরা বিনা বেতনে লেখাপড়া করছে। উপবৃত্তি সুবিধা পাচ্ছে। মিড ডে মিল কর্মসূচীর আওতায় দুপুরে বিদ্যালয়ে দেয়া হচ্ছে খাবার। আগামী দিনের দেশ গড়ার কারিগর নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে তৈরী করতে হবে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া সাংস্কৃতিক চর্চা করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব সুন্দর মতলব গড়তে আমি সবার কাছে সহযোগিতা চাই। আশাকরি সবাই ভালো কাজের সঙ্গে থাকবেন। শিক্ষার মানোন্নয়নে আমরা যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। মতলব উত্তরে শিক্ষার হার অনেক এগিয়ে নিতে হবে। জাতির উন্নতি চাইলে শিক্ষার মানোন্নয়ন করতে হবে। একমাত্র শিক্ষাই পারে জাতিকে এগিয়ে নিতে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, প্রধান শিক্ষক মো. খায়ের উদ্দিন, শিক্ষক শ্যামল কুমার বাড়ৈ, সাবেক ছাত্রনেতা মিরাজ খালিদসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।