মতলব উত্তরের ব্রাহ্মণচকে এক রাতে ৩ অটোবাইক চুরি

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে এক রাতে ৩ অটোবাইক চুরি হয়েছে। গত ৮ নভেম্বর রাতে ব্রাহ্মণচক সুলতান মাহমুদ মিয়ার অটোবাইক চার্জের ঘর থেকে গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
চুরি হওয়া গাড়ির মালিক ব্রাহ্মণচক গ্রামের শহিদুল্লাহ মাস্টারের ছেলে হাবিব, একই গ্রামের তফাজ্জল হোসেন প্রধানের ছেলে শাহিন ও তার শ্যালক জানান, প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় আমরা গাড়ি চার্জের জন্য সুলতান মাহমুদ মিয়ার অটোবাইক চার্জের ঘরে চার্জ দেই। সকালে ঘুম থেকে উঠে গাড়ি বের করার জন্য অটোবাইক চার্জ দেয়ার ঘরে যাই। গিয়ে দেখি ঘরের বেড়া খোলা। ঘরে ডুকে দেখি আমাদের গাড়ি নেই।
তারা আরো জানান, ছোট একটি সিঁধ কেটেছে। এই সিঁধ দিয়ে মানুষ প্রবেশ করা সম্ভব না। তারা কৌশলে তালা খুলেই গাড়িগুলো চুরি করেছে।
উল্লেখ্য, গত প্রায় ২ মাস আগে একই কায়দায় এ ঘর থেকেই আরো একটি অটোবাইক চুরি হয়েছিল।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, চুরি ও ডাকাতিরোধে আমাদের একটি বিশেষ টিম কাজ করছে। আমি ঘটনা জানার সাথে সাথে এসআই নাহিদকে পাঠিয়েছি। চোরদের ধরার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।
১০ নভেম্বর, ২০২০।