মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে ভুয়া পদবী ব্যবহার করে ব্যানার তৈরি করে হাট-বাজার ও রাস্তার মোড়ে টানানোর অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন কৃষক লীগের কমিটিতে।
জানা যায়, ২০১৮ সালের ২৫ জুন ইসলামাবাদ ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে খলিল মেম্বারকে সভাপতি ও হৃদয় রঞ্জন মজুমদারকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যর কমিটি অনুমোদন করেন উপজেলা কৃষক লীগ।
ইসলামাবাদ ইউনিয়নে সরজমিনে দেখা গেছে, ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও মোড়ে মোড়ে ভুয়া পদবী ব্যবহার করে হানিফ দর্জি সভাপতি ও সঞ্জয় সাধারণ সম্পাদক লিখে ব্যানার টানানো হয়েছে।
এ বিষয়ে ইসলামাবাদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খলিল মেম্বার বলেন, উপজেলা কৃষক লীগের কমিটির স্বাক্ষরিত কমিটিতে আমি সভাপতি ও হৃদয় রঞ্জন মজুমদার সাধারণ সম্পাদক। এই কমিটিতে ভুয়া সভাপতি পরিচয়দানকারী হানিফ দর্জি ও সাধারণ সম্পাদক সঞ্জয় কোন সদস্যই না।
এ বিষয়ে অভিযুক্ত হানিফ দর্জি বলেন, উপজেলার নেতাদের আদেশক্রমেই আমি কাজ করছি। তবে কমিটির কাগজপত্র চাইলে তিনি দেখাতে পারেননি।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক বলেন, ২০১৮ সালে ইসলামাবাদ ইউনিয়ন কৃষক লীগের কমিটির গঠন করি। এতে খলিল মেম্বার সভাপতি ও হৃদয় রঞ্জন মজুমদারকে সম্পাদক করে ২৬ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি করেছি। এ কমিটিতে হানিফ দর্জি ও সঞ্জয় নামে কোন সদস্যই নাই। বিষয়টি জানার পর হানিফ দর্জিকে ব্যানার নামানোর কথা বললেও তিনি এখনো নামাননি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
২৭ আগস্ট, ২০২১।
