মতলব উত্তরের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

মনিরুল ইসলাম মনির
সময় যত যাচ্ছে মহামারি করোনার দ্বিতীয় ঢেউ ক্রমশ বাড়ছেই। এ অবস্থা থেকে এ উপজেলার জনগণকে নিরাপদ রাখতে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে কঠোর হচ্ছে মতলব উত্তর উপজেলা প্রশাসন। দেশে কোভিড-১৯ সংক্রমণের শীর্ষে রয়েছে প্রবাসী

SONY DSC

অধ্যুষিত নামে খ্যাত মতলব উত্তর। এ অবস্থায় উপজেলার সকল পর্যটন স্থানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। এর পাশাপাশি বেসরকারিভাবে নির্মিত পর্যটন কেন্দ্রগুলোও বন্ধ রাখতে নির্দেশ প্রদান করেছেন উপজেলা প্রসাশন।
এছাড়া সন্ধ্যা ৮টার পর সব শপিং মল, দোকানপাট বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি হোটেল-রিসোর্টের ৫০ শতাংশ বুকিং বাতিল করতে হবে এমন নির্দেশনাও দেওয়া হয়েছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ জানান, যেহেতু মতলব উত্তর উপজেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা। এখানকার পর্যটন স্পটগুলোতে লোক সমাগম বেশি হয়। যে কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা সব পর্যটন ও দর্শনীয় স্থানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আপাতত দুই সপ্তাহ এই নির্দেশনা বলবৎ থাকবে।
এদিকে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে পোস্ট দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তী ১৫ দিনের জন্য সব সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিষিদ্ধ এবং সন্ধ্যা ৭টার পর শপিং মল, হাট-বাজারসহ সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে- এ বিষয়ে মাইকিং করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, উপজেলাব্যাপী সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বিয়ে, ওয়াজ, কীর্তন কিছুই করা যাবে না। এতোদিন আমরা স্বাস্থ্যবিধি মানতে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিলাম। গত বৃহস্পতিবার থেকে উপজেলাব্যাপী আরো গতি বৃদ্ধি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানান, বর্তমানে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২১ জন। এরা নিজ-নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। উপজেলায় এখন পর্যন্ত মোট পজিটিভ রোগীর সংখ্যা ২৩৪ জন। মারা গেছেন ১১ জন। বর্তমানে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ভ্যাকসিন নিতে জনগণকে আমরা উৎসাহ দিচ্ছি।
০৪ এপ্রিল, ২০২১।