মতলব উত্তরে অপহৃত শিশু উদ্ধার ও অপহরণকারী আটক

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র সিফাত উল্লাহ (১০) কে কুমিল্লা জেলার বরুড়া থেকে অপহরণের ৫ দিন পর সোমবার (২৫ জানুয়ারি) উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। অপহরণকারী মাদ্রাসার বাবুর্চি মো. কেফায়েত উল্লাহকেও আটক করা হয়।
আটক মো. কেফায়েত উল্লাহ ওই মাদ্রাসার বাবুর্চির কাজ করতো। তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বিজয়পুর দক্ষিণ পাড়া (খাড় বাড়ি) মৃত মিন্নত আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২১ জানুয়ারি অপহরণকারী বিভিন্ন প্রলোভন দেখিয়ে পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে মাদরাসা ছাত্র সিফাত উল্লাহকে নিয়ে যান।
সিফাত উল্লাহর ষাটনল গ্রামের বাবা মো. আমির হোসেন তাৎক্ষনাত মতলব উত্তর থানায় একটি নিখোঁজ ডায়রি করিলে অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধার সার্বিক তত্ত্বাবধানে থানার এসআই মো. আব্দুল আউয়াল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত আসামি মো. কেফায়েত উল্লাহ’র অবস্থান নির্ণয় করে কুমিল্লা জেলাধীন বরুড়া থানার বিজয়পুর গ্রাম থেকে আসামিকে গ্রেফতার করে তার হেফাজত থেকে সিফাত উল্লাহকে উদ্ধার করা হয়।
মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ঘটনার বিষয়ে আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
২৬ জানুয়ারি, ২০২১।