মতলব উত্তরে ইউপি সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ

মাদক বিক্রিতে বাঁধা দেয়ায়

মতলব উত্তর ব্যুরো
মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় মতলব উত্তরের ফরাজীকান্দী ইউনিয়নে কয়েকটি বাড়িতে আগুন দিয়েছে মাদক ব্যবসায়ীরা। গত শনিবার রাত ও রোববার বিকেলে কয়েকটি বাড়িতে আগুন দেওয়ায় ঘটনা ঘটেছে। আগুনে সাবেক ইউপি সদস্যের ঘরসহ এলাকার অন্যান্য বাড়ি-ঘর পুড়ে গেছে। এ ঘটনায় মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ফরাজীকান্দী ইউনিয়নে চুরি, মাদক, কিশোর গ্যাং নির্মূলের বিরুদ্ধে গত ১৬ মে বিকেলে মানববন্ধন করেন বড় হলুদিয়া আদর্শ গ্রামবাসী। মানববন্ধনের পরের দিন ফরাজীকান্দী ইউনিয়নের মাদক ব্যবসায়ী একাধিক মামলার এজাহারভূক্ত আসামি মৃত মনির হোসেনের ছেলে ফারুককে আটক করে পুলিশ।
সাবেক ইউপি সদস্য জাকির হোসেন জানান, মাদক ব্যবসায়ী ফারুকের আত্মীয়, রহমত উল্লাহ পাশা, মো. মোজাম্মেলহ অজ্ঞাতনামা কয়েকজন মাদক ব্যবসায়ী বড় হলুদিয়া গ্রামে বাড়ীতে বাড়ীতে আগুন দিচ্ছে আমারও একটি ঘর পুড়িয়ে দিয়েছে। আমার বাড়ীতে সিসিটিভি ফুটেজে আগুন লাগানো চিত্র ধারণ করা আছে। আমি জনপ্রতিনিধি, এলাকার সবার স্বার্থে মাদকের বিরুদ্ধে মানববন্ধনে বক্তব্য রেখেছি এটাই আমার অপরাধ। যার কারণে আমার কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে মাদক ব্যবসায়ীরা, মানববন্ধনে যারা বক্তব্য রেখেছে তাদের সকলের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আমিসহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছি।
আমি স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি। এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, বাড়ি-ঘরে আগুন দেওয়ার একটা অভিযোগ পেয়েছি, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

২১ মে, ২০২৪।