
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযানে মোহনপুর ও ষাটনল এলাকা থেকে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে শাকিল (২২), মো. শিপন (১৯), আ. রহিম (৪০), মো. সাগর হোসেন (২৪), মীর হোসেন (১৮), মো. নাছির উদ্দিন (২২), মো. বাবু (২০), নজরুল (২৮), মো. মাসুদ (৩০) ও মো. দুলাল (২৫) কে আটক করা হয়। আটকদের গতকাল শনিবার চাঁদপুর কারাগারে প্রেরণ করা হয়।
আটক জেলেদের কাছ থেকে মাছ ধরার ৩টি নৌকা ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার ভূমি শুভাশীষ ঘোষ, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. নাছির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ইউএনও’র সিএ আমিনুল ইসলাম, এসআই মো. মহসীন উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ইলিশ আমাদের জাতীয় মাছ, জাতীয় সম্পদ। ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। মা ইলিশ রক্ষা করতে পারলেই ইলিশের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে। ইলিশ রক্ষা করা এবং এর উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। ৯ থেকে ৩০ অক্টোবর এই ২২ দিন কোন জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিদিন আমাদের অভিযান অব্যাহত থাকবে।
১৩ অক্টোবর, ২০১৯।
