মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কেশাইরকান্দি শিকদার বাড়ি থেকে বেসরকারি সংস্থা ‘দিশা’ কর্মীদের ৩টি মোটরসাইকেল চুরি হয়েছে রোববার রাতে। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে মোটরসাইকেল মালিকরা মতলব উত্তর থানায় এসে অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কেশাইরকান্দি শিকদার বাড়িতে দিশা ছেংগারচর বাজার শাখা অফিস। এ অফিসে নরসিংদী জেলার মনোহরদি উপজেলার মাধুশা গ্রামের জামাল, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার জাংঙ্গালীয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে ফিল্ড সুপারভাইজার আব্দুর রহমান ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের মোস্তফার ছেলে প্রোগ্রাম অফিসার মো. আলমগীর চাকরি করেন। তাদের ব্যবহৃত মোটরসাইকেল প্রতিদিনের মতো রাতে ভাড়া বাসার কলাপসিবল গেটের ভিতরে রাখে। ২৯ নভেম্বর সন্ধ্যায় অন্য দিনের মতো মোটর সাইকেল রেখে রাতে ঘুমায়। পরদিন সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের গাড়িগুলো আর নেই।
চুরি হওয়া গাড়িগুলো হচ্ছে- জামাল হোসেনের চাঁদপুর-হ-১১-৯৩১৮ নম্বরের কালো এবং লাল রঙয়ের ১টি, আব্দুর রহমানের টিভিএস মেট্টোপ্লাস ও আলমগীরের আরেকটি ডিসকবার, যার নম্বর কুমিল্লা-হ-১৪-২১৯৫।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা বলেন, চোরদের ধরার জন্য আমাদের চেষ্টা চলছে। আমরা কিছুদিন আগেও কিছু মোটরসাইকেল চোরদের কয়েকজনকে ধরে আদালতে সোপর্দ করেছি।
০১ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে এক রাতে দিশা কর্মীদের ৩টি মোটরসাইকেল চুরি
