মতলব উত্তরে খুন হওয়া স্কুলছাত্রীর মাথা উদ্ধার

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরে খুন হওয়া স্কুলছাত্রী শারমিন আক্তার কাকুলীর মাথা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবিব, মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, এসআই হাবিব, এসআই নাহিদ হোসেন এসে সুজাতপুর বাজার সংলগ্ন একটি পরিত্যক্ত খাল থেকে অর্ধগলিত মস্তকটি উদ্ধার করেন। পরে মস্তকটি চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা গেছে, লাশ উদ্ধারের পর থেকে আলামত উদ্ধার ও আসামি গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে হত্যাকাণ্ডের সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে, ঘটনাস্থলের ২শ’ ফুট পশ্চিম দিকে আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন একটি পরিত্যক্ত খালে পানির নিচ থেকে মাথাটি উদ্ধার করা হয়েছে।
মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা জানান, আটক আসামির তথ্যমতে খুন হওয়া মেয়েটির মাথা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান অব্যাহত আছে, বাকি আলামত উদ্ধার করার পর আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে। তিনি আরও জানান, তদন্তের স্বার্থে আটকের নাম প্রকাশ করা হল না। বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।
উল্লেখ্য, উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার কাকুলী গত ২৮ মার্চ নিখোঁজ হয়। পরে ২৯ মার্চ তার মা রোকেয়া বেগম বাদী হয়ে থানায় জিডি করেন। পরে ২২ এপ্রিল সুজাতপুর বাজার সংলগ্ন অক্সফোর্ড একাডেমির একটি কক্ষ থেকে অর্ধগলিত মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

২৩ এপ্রিল, ২০২০।