মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে লকডাউন না মানায় ও জনসমাগমের দায়ে ৯ দোকানিকে নগদ ৫১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুরে উপজেলার ৩টি প্রধান বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
জানা গেছে, লকডাউনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে উপজেলা শহর হাজীগঞ্জ বাজার, বাকিলা বাজার ও বলাখাল বাজারের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করার দায়ে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের লোকজনসহ সর্বস্তরের জনসাধারণকে ঘরে থাকার জন্য উৎসাহিত করা হয় এবং সরকারি বিধিমালা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুর রশিদসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া জানান, ব্যাপক প্রচারাভিযান, প্রশাসন ও পুলিশের কর্ম-তৎপরতা, সেনাবাহিনীর সদস্য ও জনপ্রতিনিধিদের চলমান কার্যক্রমের পরও অধিকাংশ লোকজন সতর্ক হচ্ছেন না।
তিনি বলেন, করোনা প্রতিরোধে আরো বেশি সতর্ক ও সচেতন এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
২৩ এপ্রিল, ২০২০।
