মতলব উত্তরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার সটাকি গ্রামের সওদাগর পাড়ায় দু’গ্রুপের সংঘর্ষে রিফাত সওদাগর (২০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বাবার নাম রিপন সওদাগর।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৭ জুন রাত আনুমানিক ৯টায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মারামারি হয়। এসময় স্থানীয় ছাত্তার গংদের লাঠি সোটা ও দেশীয় অস্ত্রের আঘাতে রিফাত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানেও তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সোমবার ভোরে রিফাত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

৮ জুন, ২০২০।