হাজীগঞ্জের দুই বছরের শিশু চট্টগ্রামে খুন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের আব্দুর রহমান আরাফ নামের দুই বছরের এক শিশুকে চট্টগ্রামে খুন করেছে দুর্বৃত্তরা। গত রোববার (৭ জুন) রাতে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মিয়া খান নগর এলাকার ম্যাচ ফ্যাক্টরী মুনসুর আলী রোডের ৭ তলা ভবনের পানির টাঙ্কি থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে এদিন বিকালে শিশু আরাফ নিখোঁজ হয়। নিহত শিশুর বাবা আব্দুল কাইয়ুম ওই বাসার নিচতলায় সপরিবারে ভাড়া বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া গ্রামে। তিনি চট্টগ্রামে অপসোনিন ফার্মার সিনিয়র মেডিকেল অফিসার পদে কর্মরত।
আব্দুল কাইয়ুম জানান, রোববার বিকালে স্ত্রীর ফোনে আরাফের নিখোঁজ হওয়াার খবর পেয়ে বাসায় ছুটে যাই। এরপর তার খোঁজ না পেয়ে মাইকিং এবং বাকুলিয়া থানায় জিডি করি। থানা থেকে বের হওয়ার পর ওই বাড়ির ছাদে অবস্থিত পানির টাঙ্কিতে আরাফের মৃতদেহ পাওয়া যায় বলে জানতে পারি।
তিনি বলেন, পরে পুলিশ এসে আরাফের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়। এদিন রাতেই একটি হত্যা মামলা দায়ের করেন বলে তিনি জানান।
শিশুটির বাবা কান্নাজড়িত কণ্ঠে জানান, আরাফ মাত্র এক পা, দুই পা করে হাঁটতে শুরু করছে। তার তো কোন শত্রু নেই। তাছাড়া আমার সাথে এই এলাকার কারো পরিচয়ও নেই। তাহলে কেন, কে বা কারা তাকে মারলো।
আব্দুল কাইয়ুম মুঠোফোনে জানান, ওই বাড়ির ছাদে উঠতে হলে ৩টি গেট আছে। গেটগুলোতে তালা লাগানো থাকে। বাড়ির মালিকের কর্মচারী বা মালিক ছাড়া কারো কাছে চাবি থাকার কথা নয়। তাহলে শিশুটির মৃতদেহ ছাদে গেলো কি করে?
এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে জানান, বিষয়টি খুবই মর্মান্তিক, আমরা তা গুরুত্ব সহকারে দেখছি।

৮ জুন, ২০২০।