মতলব উত্তরে দুর্বৃত্তের আগুনে মুদি দোকান পুড়ে ছাই

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের বড়হলদিয়া (জোড়া ব্রিজ সংলগ্ন) এলাকায় রাতের আঁধারে একটি মুদি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানী আল-আমিন জানান। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে আল আমিন নামে এক ব্যাক্তির মুদি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক আল আমিন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে আমি দোকান বন্ধ করে ঘরে চলে যাই। এরপর ভোর আনুমানিক ৪টার দিকে প্রতিবেশী মাংসের দোকানদার মানিকের মাধ্যমে জানতে পারি। আমার দোকান আগুন নাকি জ্বলছে। তখন তরি-ঘরি করে বাইরে বের হয়ে দেখি আমার দোকান পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এ সময় আমরা ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে, তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। কিন্তু ততোক্ষণে দোকানের মালামালসহ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ব্যবসায়ী শাহজালাল বলেন, আমার বাড়ি ঘটনাস্থল থেকে কাছাকাছি হওয়ায় লোকজনের ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে আসি। তখন অগ্নিকান্ডের ঘটনা দেখতে পেয়ে স্থানীয় লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। তাদের থানার মাধ্যমে আইনি সহোযোগিতা নেওয়ার পরামর্শ দেই।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, পিআইও আওরঙ্গজেব, থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষনিক প্রশাসনের পক্ষ থেকে ৩ ব্যান্ডেল টিন ও নগদ ৯ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এ সময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুলের একান্ত সহকারী অ্যাড. লিয়াকত আলী সুমন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, উপজেলা যুবলীগের সদস্য মো. বাবু সরকার উপস্থিত ছিলেন।

২০ জুন, ২০২১।