বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে অংশ নিন
……..নবাগত ইউএনও গাজী শরিফুল হাসান
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সঙ্গে জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, দপ্তর সম্পাদক সফিকুল ইসম রানা, সাংবাদিক মো. ফারুক হোসেন, আব্দুল লতিফ মিয়াজী, জাকির হোসেন, আরাফাত আল-আমিন, মমিনুল ইসলাম, ফয়েজ তুহিন, আমিনুল ইসলাম আল-আমিন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেছেন, সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ ও দেশপ্রেমিক। দেশের সর্বস্তরের ভালো মন্দ আপনারাই তুলে ধরেন। আপনাদের সাথে নিয়েই আমি চলতে চাই।
তিনি আরো বলেন, আমি এখানে নতুন, পরিবেশটাও একদম নতুন। আমার কর্মকাণ্ডে কোনো ভুল-ত্রুটি হলে আপনারা গঠনমূলক সমালোচনা করে আমাকে সংশোধনের সুযোগ দিবেন। আপনারা চেষ্টা করবেন সমাজের উন্নয়নমূলক কাজগুলো বেশি বেশি প্রচার করতে। যাতে করে এটা দেখে আরো বেশি মানুষ কাজ করতে এগিয়ে আসে।
তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে অংশ নিন। মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে সমাজে বিভ্রান্ত ছড়াবেন না। দেশের উন্নয়নে আমরা এক সাথে কাজ করতে চাই।
মতবিনিময়কালে নবাগত নির্বাহী অফিসার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।
১৪ এপ্রিল, ২০২১।
