মতলব উত্তর ব্যুরো
১৬৮ বেলজিয়ান বিয়ার ক্যান ও ৫০০ গ্রাম গাঁজাসহ মতলব উত্তরে জাকির মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের দিক-নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদের তদারকিতে এসআই রমিজ উদ্দিন, এসআই মোহাম্মদ লোকমান হোসেন, এএসআই মাসুদ রানা গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন মোহনপুর ইউপিস্থ ফতুয়াকান্দি সাকীনের মাদক ব্যবসায়ী জাকির মোল্লার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তার পূর্ব ভিটি চৌচালা টিনের বসত ঘরের ভিতর থেকে তাকে আটক করেন।
পরে ঐ ঘর তল্লাশি করে বসত ঘরের ভিতর খাটের নিচ থেকে ১৬৮টি বেলজিয়ান বিয়ার ক্যান (যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৯ হাজার ২০০ টাকা) এবং ৫০০ গ্রাম গাঁজা (যার আনুমানিক মূল্য ১২ হাজার ৫০০ টাকা) উদ্ধার করেন। আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। গত শুক্রবার আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
৩০ মে, ২০২১।
