আ. ছোবহান লিটন
ফরিদগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের ভার্মি কম্পোস্ট প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ পৌরসভার পশ্চিম বড়ালী ও চর হোগলা মিজি বাড়ি সংলগ্ন মাঠে শনিবার (৩০ মে) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি ঢাকা’র পরিচালক এ.কে.এম মনিরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মো. লুৎফর রহমান, মনিটরিং অফিসার মো. জুলফিকার আলী ও হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দেব্ররত সরকার।
ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরে আলমের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে ওই ওয়ার্ডের বিভিন্ন কৃষক-কৃষাণীসহ বিভিন্ন কৃষিবান্ধব এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা কৃষি বিষয়ে স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা সম্পর্কে বক্তব্য শোনার পর কৃষি উন্নয়নে আরো গতিশীলতা আনয়নের লক্ষ্যে ভার্মি কম্পোস্ট প্রদর্শনীর উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
৩০ মে, ২০২১।
