মতলব উত্তরে ভাসুরের হাতে ছোট ভাইয়ের বউ খুন

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে সিপাইকান্দী গ্রামে ভাসুরের হাতে ছোট ভাইয়ের বউ খুন হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিল্লাল সরকারের স্ত্রী রহিমা বেগমের (৬০) মৃত্যু হওয়ার পর এলাকায় তোলপাড় শুরু হয়। এ ঘটনায় নিহতের ছেলে নাসির উদ্দিন সরকার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করা প্রস্তুতি চলছে।
নিহতের ছেলে বউ নাজমা বেগম বলেন, আমার শ^শুরেরা তিন ভাই। তাদের মধ্যে গিয়াস উদ্দিন বাক প্রতিবন্ধী। তিনি তার জায়গা-সম্পত্তি অনেকের কাছেই বিক্রি করে দিয়েছেন। তার ভোরণ-পোষণ নিয়ে পারিবারিকভাবে অনেক দিন যাবৎ ঝগড়া-বিবাদ চলছিল। সোমবার সকাল ৮টার দিকে এ নিয়ে আমার শ^াশুড়ির সাথে আমার জেঠা শ্বশুর, তার ছেলে শাহাদাত হোসেন ও ফুফা শাশুড়ি রিনা বেগমের সাথে কথা কাটা-কাটি চলছিল। এরমধ্যে হঠাৎ করে আমার জেঠা শ^শুর নেয়ামত সরকার কাঠের টুকরা দিয়ে আমার শাশুড়ির মাথায় আঘাত করে। সাথে সাথে আমার শাশুড়ি অজ্ঞান হয়ে পড়লে তাকে মতলব হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সাহেব বাজার এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।
একই বাড়ির সুমন সরকারের স্ত্রী রেশমা আক্তার বলেন, তাদের মধ্যে এসব নিয়ে প্রায়শই ঝগড়া-বিবাদ হতো।
মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করবেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পোস্টমর্টেমে পাঠানো হবে।