মতলব উত্তরে মিশুকের চাপায় শিশুর মৃত্যু

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় মিশুকের চাপায় শামিমা আক্তার (৫) নামে শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছেংগারচর পৌরসভার আদুুরভিটি (গৈপুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামিমা উপজেলার গজরা ইউনিয়নের ডুবগী গ্রামের সাহেব আলীর মেয়ে শামিমা নানার বাড়ি আদুরভিটি (গৈপুর) বাড়ির পাশের রাস্তা পাড় হওয়ার সময় অটোরিক্সাটি তাকে চাপা দেয়। ঘাতক চালক রেজাউল করিমকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহত শামিমার মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, শামিমা আক্তার বাড়ির পাশের রাস্তা পাড় হওয়ার সময় একটি অটোরিক্সা তাকে চাপা দেয়। এ সময় অটোরিক্সার একটি রড শামিমার মাথায় ঢুকে যায়। পরে স্থানীয়রা তাকে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক চালক রেজাউল করিম (২৭) জনতার হাতে আটক হলে গণধোলাই দিয়ে মতলব উত্তর থানায় সোপর্দ করে। শামিমার মা কুলসুম বেগম সন্তানের অকাল মৃত্যু সইতে পারছে না। সে আমার সন্তানকে ফিরিয়ে দাও বলে চিৎকার করে কাঁদছে। কুলসুম বেগম জানান, তার ১ ছেলে ও দুই মেয়ের মধ্যে শামিমা সবার ছোট। সে এবার ব্র্র্যাক স্কুলের ১ম শ্রেণিতে পরতো। তিনি আরো জানান, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।