মতলব উত্তরে মেঘনা নদীতে জাটকা রক্ষায় টাস্কফোর্সের অভিযান

৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস



মনিরুল ইসলাম মনির
অভয়াশ্রমের জাটকা রক্ষায় মতলব উত্তরের মেঘনা নদীতে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা টাস্কফোর্স। গতকার মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন পাটোয়ারী নেতৃত্বে মোহনপুর লঞ্চঘাট থেকে ষাটনল হয়ে আমিরাবাদ পর্যন্ত নদীতে টহল দেওয়া হয়।
অভিযানে টাস্কফোর্স নদী থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল যার বাজার মূূল্য ১ লাখ পঞ্চাশ হাজার টাকা ২০ কেজি জাটকা ও ১টা মাছ ধরার ট্রলার আটক করা হয়। পরে মাছ ধরার ট্রলারটি ফুটো করে ছেড়ে দেয়া হয়।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য বর্মকর্তা মালিক তানভীর হোসেন, মোহনপুর নৌ-ফাঁড়ি ইনচার্জ মো. হোসেন সরকার, সহকারী মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন, এসআই মহসীন উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, অভয়াশ্রমের দু’মাস নদীতে কেউ মাছ শিকার করতে পারবে না। এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ নদীতে নামলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, জেলেদের সহযোগিতা পেলে জাটকা মাছ বড় হওয়ার সুযোগ পাবে। দেশের এই সম্পদ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি। নিষেধাজ্ঞার এই সময়টাতে জেলেদের যেন কোন কষ্ট না হয়, সেজন্য সরকার তাদের ৪০ কেজি করে ৪ মাস চাল দিচ্ছে।
উল্লেখ্য, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. হোসেন সরকার গত ১৩ মার্চ মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িতে যোগদান করেন। যোগদান করার পরেই তার নেতৃত্বে মেঘনা নদী থেকে সাড়ে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। আটক জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।