মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মোহনপুরস্থ ত্রাণমন্ত্রীর বাড়িতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
তিনি তার বক্তব্যে বলেন, মতলব উত্তরের যুবলীগ একটি সুসংগঠিত সংগঠন। এ সংগঠনের মাধ্যমে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মতলব উত্তরের উন্নয়নের প্রাণপুরুষ জননন্দিত জননেতা মায়া চৌধুরীর স্বপ্নের সিঙ্গাপুর সিটি বিনির্মাণে ভূমিকা রাখবেন।
তিনি আরো বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে জননেত্রী শেখ হাসিনার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। সেই জন্য এখন থেকে তৃণমূলে যুবলীগের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল এবং শক্তিশালী করতে হবে। তিনি বলেন, বিএনপি-জামাত জোট নানা অপতৎরতার মাধ্যমে আগামী নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এই অপরাজনীতির জবাব সাংগঠনিকভাবে দিতে হবে।
তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে মতলব উত্তর ও মতলব দক্ষিণে আওয়ামী লীগে গুটি কয়েক মীরজাফর সৃষ্টি হয়েছে। তারা এখন বিএনপির উপর ভর করেছে মায়া চৌধুরীকে ঠেকাতে। মায়া চৌধুরীর সাথে আল্লাহ রয়েছে। আরো আছে মতলবের নেতাকর্মী ও আপামর জনতা, তাই তাঁর কিছুই হবে না। উপরন্তু যারা গুটিবাজ তাদের ক্ষতি হবে। তাদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা যুবলীগের সভাপতি জহির দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শরীফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, জেলা যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন গাজী।
আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল জমাদার, রিপন পাটোয়ারী, যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক সলিম উল্লাহ বারী চৌধুরী সোহেল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, ইউপি চেয়রাম্যান ছোবহান সরকার সুভা, দেওয়ান আবুল খায়েরসহ প্রতি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
