মতলব উত্তরে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময়


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানায় দালাল-বাটপার ও মাদক ব্যবসায়ীদের কোন স্থান নেই। থানা এখন গরিব-অসহায় মানুষদের নিরাপদ ও ন্যায়বিচার পাওয়ার স্থান উল্লেখ করে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, থানায় দালাল-বাটপারদের কোন স্থান নেই। থানা এলাকায় যেন কোন নিরীহ মানুষ হয়রানির শিকার না হয় সেদিক থেকে পুলিশ সজাগ দৃষ্টি রাখবে। কোন দাগি বা কুখ্যাত আসামির জন্য আপনারা সুপারিশ করবেন না। কারণ অপরাধীর বিরুদ্ধে সুপারিশ করে লাভ হবে না। অপরাধী অপরাধ করে পার পাবে না। আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় তাকে আনা হবে।
গত রোববার সন্ধ্যায় থানার হল রুমে মতলব উত্তরে কর্মরত সব সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান এসব কথা বলেন।
ইন্সপেক্টর (তদন্ত) মোরশেদ আলম ভূইয়ার পরিচালনায় মতবিনিময়কালে অফিসার ইনচার্জ আরো বলেন, আপনারা কলমের মাধ্যমে সমাজের সঠিক তথ্য চিত্র তুলে ধরুন। আপনাদের তথ্যের ভিত্তিতে আমরা কাজ করতে পারি, তবে সেটা যেনো সঠিক হয়। সাংবাদিক পুলিশ একে অপরের পরিপূরক। কাজ করতে গেলে ভুল হবে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে থানা এলাকায় আইন-শৃঙ্খলা সমুুন্নত রাখতে বদ্ধ পরিকর পুলিশ।
এছাড়া তিনি এলাকার সাধারণ মানুষদের উদ্দেশে বলেন, এক সময় নানা কারণে গরিব মানুষ কোন প্রয়োজনে থানায় আসতে চাইতো না। কিন্তু বর্তমান সরকার এবং স্থানীয় সাংবাদিক পুলিশী সেবা এলাকার প্রতিটি মানুুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এজন্য থানা পুলিশকে ভয় পাওয়ার কোন কারণ নেই। এখন থেকে গরিব মানুষ থানায় আসলে তাদের আপ্যায়ন করা হবে। এখন থেকে সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্ত ও সরকারকে বেকায়দায় ফেলে প্রশ্নবিদ্ধ করলে তাদের প্রতিরোধ করা হবে। এমনকি গরিব ও অসহায় জমির মালিকদের উপর প্রভাবশালীরা প্রভাব বিস্তার করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া জঙ্গি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ অপরাধমূলক কর্মকা- নির্মূল করতে পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় মতলব উত্তরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।