শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই
………মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস
মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলায় জীবগাঁও সোনালী সকাল সমবায় সংগঠনের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা টিভি কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১২ মার্চ) বিকেলে জীবগাঁও জেনারেল হক স্কুল এন্ড কলেজ মাঠে স্বাধীনতা টিভি কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
তিনি বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আশার কথা, সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ামোদী। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মন-মানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে। শরীর ও মনের সমন্বয় ও ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থেই আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে নজর দিতে হবে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পৌর যুবলীগ নেতা সোহেল রানার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ।
খেলায় অংশগ্রহণ করে জীবগাঁও সোনালী সকাল সমবায় সংগঠন ও উদীচী একতা যুব সংঘ। খেলায় জীবগাঁও সোনালী সকাল সমবায় সংগঠন চ্যাম্পিয়ন হয়।
১৪ মার্চ, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে স্বাধীনতা টিভি কাপ ভলিবলের ফাইনাল ও পুরস্কার প্রদান
