মতলব উত্তরে হামলায় গুরুতর আহত ৪


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ষাটনল রঙ্গুখার কান্দি এলাকায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বরোপীট (ফিশারী) দখল নিয়ে দু’পক্ষ কয়েকদিন ধরে মুখোমুখি অবস্থান করছিল। গত ২০ সেপ্টেম্বর বিকেলে ষাটনল আসন আলী প্রধানের কান্দির জাকির হোসেন, মো. খোকন, মো. বাবু ও রঙ্গুখার কান্দির সিরাজ সরকার ষাটনল বাবু বাজার থেকে আবু বাজার যাওয়ার পতে পূর্ব পরিকল্পিতভাবে মাহবুব মোল্লার নেতৃত্বে লাঠি, রড, দা, ছেনা ইত্যাদি দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আক্রমন করে। এ হামলায় ষাটনল আসন আলী প্রধানের কান্দির জাকির হোসেন, মো. খোন, মো. বাবু ও রঙ্গুখার কান্দির সিরাজ সরকার গুরুতর আহত হয়।
আহত জাকির হোসেনের ভাগনি রঙ্গুখার কান্দি গ্রামের মুন্নি আক্তার বাদী হয়ে মতলব উত্তর থানায় মাহবুব মোল্লাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় পূর্ব ষাটনল গ্রামের গজন বেপারীর ছেলে সুজনকে আটক করে পুলিশ। আটক সুজনকে গতকাল রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী মুন্নি আক্তার বলেন, আহত জাকির হোসেনের অবস্থা সংকটাপন্ন হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদের অবস্থাও ভালো নয়।
জাকির মেম্বার বলেন, মাহবুব মোল্লা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রভাব বিস্তার করে রেখেছে। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফিশারী দখল রেখেছিল। এর প্রতিবাদ করায় তার সাথে বিরোধ হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাহিদ বলেন, আসামিদের আটক করতে জোর তৎপর চালাচ্ছি। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে।

২৩ সেপ্টেম্বর, ২০১৯।