মতলব উত্তরে ৩ মাদক কারবারিসহ আটক ৪

 

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার সটাকি এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মো. সোহরাব, জুনাব আলী ও বোরহান সওদাগর নামে তিন মাদক কারবারিকে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। গত সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এছাড়া মঙ্গলবার সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের শাঁখারি পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত কামরুল ইসলাম দেওয়ানকে আটক করা হয়।
আটক মো. সোহরাব উপজেলার সুগন্ধি গ্রামের আবদুর রশিদ প্রকাশ বাচ্চু রাড়ীর ছেলে, জুনাব আলী সটাকি গ্রামের সুলতান সওদাগরের ছেলে ও বোরহান সওদাগর সটাকি গ্রামে মৃত মো. রৌশন সওদাগরের ছেলে। কামরুল ইসলাম দেওয়ান শাখারিপাড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত একজনসহ ৪জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদকসেবী ও কারবারীর স্থান মতলব উত্তরের মাটিতে হবে না। মাদক বিক্রেতা ও সেবনকারীদের স্থান কারাগারে। মাদকমুক্ত করার জন্য সবাইকে নিয়ে কাজ করছি।
আটক ৩ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
০৩ ফেব্রুয়ারি, ২০২১।