
মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকল্প ব্যবস্থায় রোগীদের চিকিৎসা সেবা শুরু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গত রোববার দুপুরে করোনা রোগে আক্রান্ত হয়েছে নিশ্চিত হওয়ার পর ও করোনা রোগে আক্রান্ত আরো দু’জন এ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় হাসপাতালে সব চিকিৎসা সেবা বন্ধ করে গেটে তালা লাগিয়ে দেয়া হয়েছিল। গতকাল সোমবার (১৩ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন নতুন ভবনে রোগীদের চিকিৎসা প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডাক্তার ও করোনা রোগে আক্রান্ত আরো দু’জন এ হাসপাতালে বিচরণ করায় কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ভবনে হাসপাতালের সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। ভবনটি জীবাণুমুক্ত না করা পর্যন্ত এখানে কোন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনটি জীবাণুমুক্ত না করা পর্যন্ত আমরা বিকল্প ব্যবস্থায় নির্মাণাধীন ভবনে চিকিৎসা সেবা প্রদান করবো। আশা করি ভবনটি জীবাণুমুক্ত করে ৭২ ঘণ্টার মধ্যে মূল ভবনে কার্যক্রম চালাতে পাবো।
