সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন
স্টাফ রিপোর্টার
মতলব উত্তর ও দক্ষিণের ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হল ভোটগ্রহণ। তৃতীয় ধাপে মতলব উত্তর উপজেলার ১৩ ও মতলব দক্ষিণ উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তবে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছু কিছু কেন্দ্রে চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্র্থীদের সমর্থকরা জাল ভোট দিতে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আটক হয়।
রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত। প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল সদস্যরা তৎপর ছিলেন। যার কারণে কোন ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সমর্থকরা অনিয়ম করার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুই উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
দুপুর সাড়ে ১২টায় একই ইউনিয়নের চরপাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, জাল ভোট দেয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ৩ যুবক ও কিশোর আটক হলো জনতার হাতে। তাদের পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করেন।
২৯ নভেম্বর, ২০২১।
