
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি আংশিকভাবে ঘোষিত হয়েছে। এতে আগামি তিন বছরের জন্য কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিএইচএম কবির আহমেদ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল মুঠোফোনে বলেন, গত শুক্রবার ওই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অংশগ্রহণকারী কাউন্সিলরদের পরোক্ষ মতামত এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যকার সমঝোতার ভিত্তিতে স্থানীয় সাংসদ ও তাঁর দলের কেন্দ্রিয় নেতাদের সঙ্গে আলোচনা করে ওই উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, ১৫ বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পর গত শুক্রবার সকাল দশটায় উপজেলা সদরের নিউ হোস্টেল মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এএইচএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন চাঁদপুর-২ আসনের সাংসদ আইনজীবী মো. নুরুল আমিন রুহুল। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক নির্মল গোস্বামী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ, মনজুর আহমেদ মঞ্জু ও যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ।
