শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তির দোয়াভাঙ্গা-লোটরা-পানিয়ালা সড়কের পৌরসভার চিকুটিয়া বাঁশনা বাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ কিশোরী নিহত ও ৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকাল সাড়ে ৪টায় শোরশাক থেকে ছেড়ে আসা মেহের কালী বাড়ীগামী সিএনজি ও রামগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া বালুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন মোহনা (১৩)। সে উপজেলার নিজমেহার রাঢ়ি বাড়ির সুমনের মেয়ে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত মোহনার মা ঝরনা বেগম (৩০), বাবা সুমন ও ভাই জান্নাত (২) এবং নিজমেহার গ্রামের নজরুল ইসলামের মেয়ে সাথী আক্তার (১০) ও গন্ধর্ব্যপুর গ্রামের নিখিল দাসের স্ত্রী ঝর্না রানী (২৫)।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর মুমুর্ষ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও ঘাতক পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।