মতলব দক্ষিণে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ মার্চ) দীপ্ত বাংলা পাদদেশে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকালে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উদযাপন পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, মতলব দক্ষিণ থানা পুলিশ, আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কেক কাটা, শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, তথ্যচিত্র ও ভিডিও’র মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত তথ্যচিত্র উপস্থাপন, সব শিক্ষা প্রতিষ্ঠানে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ আওলাদ হোসেন লিটন, সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন। এছাড়া দুইজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁন। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে, এ উপলক্ষে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২০% ছাড়ে সেবা প্রদান, উপজেলার নির্দিষ্ট কিছু ঔষধের দোকানে ১০% ছাড়ে ঔষধ বিক্রি, সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ মার্চ প্রথম ভূমিষ্ঠ হওয়া শিশুকে বিশেষ উপহার প্রদান করা হয়েছে।
১৮ মার্চ, ২০২১।