হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে আবারো অজ্ঞাত উৎসের আগুনে পরিত্যক্ত একটি বসতঘর পুড়ে গেছে। বুধবার (১৭ মার্চ) সকাল ১১টায় উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের মোল্লা বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির মৃত আব্দুল গফুর চেয়ারম্যানের ছেলে আলহাজ আব্দুল খালেকের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তিনি তার পরিবার নিয়ে রাজধানীতে বসবাস করেন।
এর আগে গত ‘ মার্চ দিবাগত গভীর রাতে অজ্ঞাত উৎসের আগুনে রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম রাজারগাঁও গ্রামের পঞ্চায়েত বাড়িতে একটি বসতঘর ও একটি কাঁচারী ঘর এবং সদর ইউনিয়নের বাউড়া গ্রামের মিয়াজী বাড়ির পাশে সমাজসেবা অধিদপ্তরের স্বর্ণিভর নামক একটি পরিত্যক্ত ঘর পুড়ে যায়।
জানা গেছে, এদিন বুধবার সকাল ১১টার দিকে অজ্ঞাত উৎসের আগুনে ফুলছোঁয়া মোল্লা বাড়ির আব্দুল খালেকের বসতঘরে আগুন দেখতে পায় বাড়ির লোকজন। এরপর তাদের ডাক-চিৎকারে স্থানীয় ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু আগুনের ভয়াবহতার কারণে ঘরের কাছে কেউ যেতে পারেনি।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ওই বাড়ির লোকজন জানান, পুড়ে যাওয়া ঘরের লোকজন দীর্ঘদিন ঢাকায় বসবাস করেন। যার ফলে বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় এবং বিদ্যুৎ সংযোগহীন ছিল। তাই আগুন লাগার মতো কোন উৎস ছিলো না।
আগুনের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী বলেন, বাড়ির লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, পুড়ে যাওয়া ঘরের লোকজন ঢাকায় থাকায় ঘরটিতে কেউ বসবাস করতো না। তাই বসতঘরটি বিভিন্ন কৃষি মালামাল রাখা হতো। ঘরের বিদ্যুৎ সংযোগও নেই, তারপরও অজ্ঞাত আগুনে ঘরটি পুড়ে যায়।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে স্থানীয় ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
১৮ মার্চ, ২০২১।
