
আমার কোনো পার্সোনাল এজেন্ট নেই, যেকোন কাজ সরাসরি করে নিতে পারবেন ……….নুরুল আমিন রুহুল এমপি
মাহ্ফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল বলেছেন, আমার কোনো পার্সোনাল এজেন্ট নেই, আপনারাই আমার এজেন্ট। যেকোনো কাজ আমার কাছ থেকে সরাসরি করে নিতে পারবেন। শেখ হাসিনা প্রতিনিধিত্ব করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের পার্সোনাল সেবা করার জন্য। তাই আপনাদের যেকোনো কাজ করতে আমি সর্বদা প্রস্তুত।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় গরিব-দুঃখী মানুষের জন্য কাজ করতেন। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনাও গরিব-অসহায়দের মুখে হাসি ফুটানোর জন্য দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সে কারণেই জনগণ বার-বার আওয়ামী লীগকে ভোট দেয়।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার জন্য ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সপরিবারকে হত্যা করেছে। ভাগ্যক্রমে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বেঁচে যান। এই হত্যাকা-ের পরও তারা ক্ষান্ত হয়নি। আবারো ২১ আগস্ট বিএনপি ও জামায়াত মিলে গ্রেনেড হামলা চালায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপর। ওই হামলায় আইভি রহমানসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী নিহত হন। আহত হন শত-শত আওয়ামী লীগ কর্মী। যতই হামলা করে আসছে আওয়ামী লীগ ততই জনপ্রিয় হয়ে উঠছে। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
গতকাল রোববার মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত কচি-কাঁচা মেলা প্রাঙ্গণে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের দাবিতে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আক্তার রুনুর সভাপতিত্বে এবং মহিলা কাউন্সিলর দিনারা আক্তার বিপ্লবী ও সংরক্ষিত মহিলা সদস্য রেহানা আক্তারের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, জেলা কৃষক লীগের আহ্বায়ক জয়নাল আবদীন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জহির সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা, মহিলা আওয়ামী লীগ নেত্রী শামিমা আক্তার, নুরুন নাহার বকুল, কাউন্সিলর সাজেদা বেগম, কাউন্সিলর জোহরা আক্তার, মুন্নী আক্তার, মাকসুদা বেগম প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগসহ সব সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০২ সেপ্টেম্বর, ২০১৯।
