খাদেরগাঁওয়ে ২০ বছরের বিরোধপূর্ণ চলাচলের রাস্তা উন্মুক্ত


মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে গ্রাম আদালত ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপনের হস্তক্ষেপে প্রায় ২০ বছরের বিরোধপূর্ণ চলাচলের রাস্তা উন্মুক্ত করা হয়েছে।
জানা যায়, উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের আব্দুল করিম প্রধানীয়া বাড়ির প্রায় ১৫ পরিবারের মাঝে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। এ প্রেক্ষিতে ওই বাড়ির মৃত গফুর খানের ছেলে মো. হাসেম খান ১০ টাকা ফি দিয়ে একই বাড়ির মৃত ইউনুস প্রধানের ছেলে আবু তাহের গং এর বিরুদ্ধে খাদেরগাঁও ইউনিয়নের গ্রাম আদালতে গত ৮ জুলাই ফৌজদারি মামলা দায়ের করেন। গ্রাম আদালত ঐ মামলাটি আমলে নিয়ে একই মাসের ১৫ তারিখে গ্রাম আদালতে হাজির হওয়ার জন্য মামলার প্রতিবাদীকে সমন জারি করেন। সমন জারির পর উক্ত তারিখে মামলার আবেদনকারি ও প্রতিবাদী গং উপস্থিত হন। গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী বিধি;৩১ মোতাবেক আপোষ নিস্পত্তি না হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালত গঠন করার জন্য উভয় পক্ষকে নির্দেশ প্রদান করেন। উক্ত নির্দেশনা অনুযায়ী গত ২২ জুলাই আবেদনকারি এবং প্রতিবাদী গ্রাম আদালতের নির্দিষ্ট ফরমে সদস্য মনোনয়ন করেন। এর পর ৮ আগস্ট মামলার প্রথম শুনানী অনুষ্ঠিত হয়। উক্ত শুনানীতে প্রতিবাদী তার দোষ শিকার করেন এবং গ্রাম আদালত বাড়ির উভয় পক্ষের নির্দিষ্ট সীমানা থেকে আড়াই ফুট করে মোট পাঁচ ফুট চলাচলের রাস্তার জন্য ১৪ আগস্ট তারিখের মধ্যে সকল প্রকার স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন।
তারই ধারাবাহিকতায় মামলায় পরবর্তী শুনানী অনুষ্ঠিত হয় এবং গ্রাম আদলত ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন ও স্থানীয় ইউপি সদস্যকে ঐ বিরোধপূর্ণ রাস্তাটি চলাচলের জন্য উপযোগী করার নির্দেশ প্রদান করলে ইউপি চেয়ারম্যান গতকাল শনিবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঐ রাস্তার সীমানায় থাকা গাছ-পালা, বসতঘরসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি জনগণের চলাচলের জন্য উপযোগী করে দেন।
ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপনের জনহিতকর এমন একটি কাজের জন্য এলাকার সর্বস্তরের জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। এ ধরনের জনহিতকর কাজের জন্য স্থানীয় জনপ্রতিধি ও গ্রাম আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে বলে এলাকাবাসী মনে করেন।
এসময় ইউএনডিপি বাংলাদেশ চাঁদপুর জেলা ডিস্ট্রিক ফেসিলেটর নিকোলাস বিশ্বাস, ব্লাস্ট মতলব দক্ষিণ উপজেলার সমন্বয়কারী এনামুল হক, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহাঙ্গীর মিয়াজী, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালী, ইউপি সদস্য হাবিব উল্লাহ হবু, মোজাম্মেল হক মিয়াজী, মো. মহসিন প্রধান, গ্রাম আদালত সহকারি মো. ইব্রাহীম ঢালীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

০২ সেপ্টেম্বর, ২০১৯।