
মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় শান্তিপূর্ণভাবে জাতীয় এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম গিয়াস উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহামুদুল হাসান সুমন, মেডিকেল অফিসার ডা. ছিদ্দিকুর রহমান টুটুল, ডা. মোশাররফ হোসেন, ডা. এনামুল হক, ডা. নুসরাত জাহান মিথেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলার ১৯৪টি কেন্দ্রে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। সর্বমোট ২৭ হাজার ৭৪৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৩ হাজার ২ শ’ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ২৪ হাজার ৪৪৮ জন।
এদিকে উপজেলার নন্দীখোলা, তুষপুর, ঘোনা, বিষ্ণুপুর, লাকশিবপুরসহ বেশ কয়েকটি টিকা কেন্দ্র পরিদর্শন করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন। পরিদর্শকালে নন্দীখোলা কেন্দ্রের স্বাস্থ্য সহকারী হাসিনা আক্তার ও মার্জিায় আক্তারকে উপস্থিত না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এছাড়া অন্যান্য কেন্দ্রগুলোর কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ কে এম মাহাবুবুর রহমানকে। এছাড়া মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এনামুল হক, ডা. নুসরাত জাহান মিথেনের কার্যক্রম দেখেও সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
