
সাহেদ হোসেন দিপু
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী মাসব্যাপী উদযাপন উপলক্ষে হাইমচর উপজেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার হাইমচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভাপতি মোতালেব জমাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারীর পরিচালনায় ঐ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সরকার, মজিবুর রহমান বেপারী, দপ্তর সম্পাদক মাকছুদ আলম খান, প্রচার সম্পাদক মুনচুর পাটওয়ারী, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলি মাস্টারসহ ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
যৌথ সভায় উপজেলা আওয়ামী লীগ আগামি ২৩ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। আগামি ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
