মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাহফুজ মল্লিক :
মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনসহ সারা দেশের ২৬টি এবং মতলব উত্তর উপজেলার শিল্পকলা একাডেমীসহ সারা দেশের ৪শ’ ৮৮টি উপজেলার নতুন ভবন উদ্বোধন করেন তিনি। স্টেশনটি উদ্বোধনের ফলে উপজেলার ৫ লক্ষাধিক মানুষ সুবিধা ভোগ করবে।
চাঁদপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার দগরপুর এলাকায় ২ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ফায়ার সার্ভিস স্টেশনটি। মতলব পৌরসভার ভাঙ্গারপাড় মৌজার দগরপুর এলাকায় ৩৩ একর জমির ওপর চাঁদপুর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ২০১৪ সালে ২ কোটি ৬৯ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স উপভোগ করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানসহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।