মতলব হাজিপুরে মারামারিতে একজনের মৃত্যু


পারিবারিক বিরোধকে কেন্দ্র করে

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার উত্তর হাজীপুর গ্রামের মোল্লাবাড়িতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ঝগড়ায় একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জামাল হোসেন (৩৫), পিতা-মৃত কাশেম মোল্লা মৃত্যুবরণ করেছে। গত ২২ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে এ মারামারির ঘটনা ঘটে। এ সময় দু’পক্ষের আরো ২/৩ জন আহত হয় বলে জানা গেছে।
জানা যায়, ঘটনার সময় প্রতিপক্ষের লাঠি/ক্রিকেট খেলার স্ট্যাম্প ইত্যাদির আঘাতে মাথায় ও শরীরে জখমপ্রাপ্ত জামালকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গতকাল সকালে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। সেখানে পৌঁছার পর চিকিৎসাকালে বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
শাহবাগ থানা পুলিশ জামালের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত ও ময়নাতদন্তের ব্যবস্থা করে।
এদিকে জামাল হোসেনের মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশি অভিযান চলছে।