মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে রামপুর বাজারে প্রতিবাদ সমাবেশ

হাজীগঞ্জ ব্যুরো
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও ফ্রান্সের পণ্য জাতীয়ভাবে বয়কটের দাবিতে হাজীগঞ্জের রামপুর বাজার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রামপুর আশরাফুল উলুম মাদরাসার উদ্যোগে এবং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদি জনতার ব্যানারে শনিবার (৩১ অক্টোবর) বাদ আছর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের স্থানীয় রামপুর বাজারে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রামপুর কেন্দ্রিয় মসজিদ থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে রামপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাউছিয়া শপিং সেন্টারের সম্মুখে এসে সমাবেশ স্থলে এসে শেষ হয়। মিছিলে মহানবীকে অবমাননাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান ও নানা প্লেকার্ড প্রদর্শন করা হয়।
অনুষ্ঠিত এই কর্মসূচির আয়োজকদের মধ্যে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুফতি মো. মোশারফ হোসেন, মাও. মো. ইব্রাহিম, মাও. মো. শাহাদাত হোসেন ও মাও. মো. আব্দুল্লাহ আল মাসুদ।
বক্তারা বলেন ‘ফান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ এখানে রাসূল (সা.) প্রেমিক তৌহিদি জনতা সমবেত হয়েছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, মুসলিম দেশের নাগরিক হিসাবে আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই। তাই সরকারের পক্ষ থেকে আপনিও (প্রধানমন্ত্রী) নিন্দা জ্ঞাপন করুন এবং ফ্রান্সের পন্য বয়কটসহ জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আহবান করুন।
বক্তব্য শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাও. মো. আব্দুল্লাহ আল মাসুদ। দোয়া ও মোনাজাত শেষে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘটে।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. এস.এম মানিকসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
০১ নভেম্বর, ২০২০।