মাতৃপীঠ সরকারি উবিতে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম
………. আবদুল্লাহ আল মাহমুদ জামান



স্টাফ রিপোর্টার
চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেছেন, খুব আনন্দ লাগছে এত সুন্দর কুচকাওয়াজ দেখে। আরও ভালো লাগছে তোমাদের খেলাধুলার প্রতি আগ্রহ দেখে। মনে রাখবে ভালো ছাত্রী হতে হলে লেখাপড়াই শেষ নয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে।
গতকাল সোমবার সকালে মাতৃপীঠ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরো বলেন, এই বিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে। এই বিদ্যালয়ে পড়ার সুযোগ সবাই পায় না। তোমরা সৌভাগ্যবান যে তোমরা এই বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছো। আর এই সুযোগ তোমাদের জীবন গড়ার জন্য কাজে লাগাবে।
তিনি আরো বলেন, লেখাপড়ার কোন বিকল্প নেই। উন্নত দেশ গড়তে লেখাপড়ার অবশ্যই দরকার রয়েছে। বিদ্যালয় জীবন থেকেই নিজের মানবিক গুণগুলো গ্রহণ করে নিতে হবে। তোমরা লেখাপড়া করে উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়বে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তোমরা শক্তিশালী ভূমিকা রাখবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে ও ইংরেজি শিক্ষক মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গোলাম কিবরিয়া জীবন, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, লক্ষন চন্দ্র সূত্রধর প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান ও গীতা পাঠ করেন সপ্তম শ্রেণির ছাত্রী নবনীতা সেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।