হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

সুশিক্ষা অর্জনে ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই
…….উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন



মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভাধীন আমিন মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গাজী মাইনুদ্দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজী মাইনুদ্দিন বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার। সেই উন্নত দেশের নেতৃত্বে দিবে আজ এবং আগামি দিনের প্রজন্ম। তাই তাদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষা নয়, সুশিক্ষা অর্জন করতে হবে। আর সুশিক্ষা অর্জনে ধর্মীয় মূল্যোবোধের বিকল্প নেই। এজন্য যার যার ধর্মীয় মূল্যবোধ মেনে চলতে হবে। পরিবার, সমাজ তথা দেশ ও জাতীর উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব অবকাঠামোগত কাজ করেছে এবং করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সেলিম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আলী হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. কামরুল আহসান পাটওয়ারী, সবুজ সংঘের সাধারণ সম্পাদক মামুনূর রশিদ স্বপন, সমাজসেবক হারুন অর রশিদ, শাহআলম মিয়াজী প্রমুখ।
বিদ্যালয়েল ধর্মীয় শিক্ষক আ.ন.ম মাহবুবে এলাহীর সঞ্চালনায় অতিথিদের বক্তব্য শেষে বার্ষিক মিলাদ ও দোয়া এবং পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মারুফ হোসেন রিয়াদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। এ সময় রিয়াদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।