
হাজীগঞ্জ ব্যুরো
মানসম্মত নাগরিক সেবায় হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড টোরাগড়-বদরপুর গ্রামে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করেছে পুলিশ। গত রোববার বিকালে টোরাগড় উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি।
পুলিশকে জনমুখী ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা এবং প্রত্যন্ত এলাকাতে পুলিশের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পুলিশি কার্যক্রমে গতিশীল আনয়ন সর্বোপরি বিদ্যমান জনবলের সর্বোচ্চ ব্যবহারের নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে এ বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করছে হাজীগঞ্জ থানা পুলিশ।
এদিন বিকালে অনুষ্ঠিত এ বিট পুলিশিং এ মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিংসহ সকল প্রকার সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতামুলক বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি। তিনি বলেন, সামাজিক অপরাধ দমনে আমাদেরকে যার যার অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। নিয়মিত পুলিশকে তথ্য দিয়ে অপরাধ দমনে সহযোগিতা করতে হবে। এ ক্ষেত্রে তথ্য দাতার নাম গোপন রাখা হবে বলে তিনি নিশ্চিত করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুর রশিদ, পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর এমরান হোসেন মুন্সী, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু মিজি প্রমুখ। পৌর ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সেলিম কাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন পরিচালনায় এ বিট পুলিশিং কার্যক্রমের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় এসআই একেএম হাছান মাহমুদ কবির ও এএসআই মোস্তাফিজুর রহমানসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির অন্যান্য সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই সামাজিক অপরাধ দমনে এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার অঙ্গীকার করেন।
