মান্দারীতে ধান কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষে আহত ৫


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মান্দারীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গত ৭ মে সকাল ১১টায় উপজেলার মান্দারী গ্রামে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়।
জানা যায়, মো. আলমগীর পাটোয়ারী (পিতা মৃত বাদশা মিয়া) পৈত্রিক সম্পত্তিতে ধান চাষ করার জন্য একই গ্রামের আ. মান্নানকে জমি বর্গা দেন। সেই জমিতে আ. মান্নান দীর্ঘদিন যাবৎ ফসল চাষ করে আসছেন।
গত ৭ মে আ. মান্নান ধান কাটতে গেলে একই গ্রামের মো. সেকান্তর পাটোয়ারী ধান কাটতে বাধা দেন। বর্গা চাষি আ. মান্নান জমির মালিক মো. আলমগীর পাটোয়ারীকে বিষয়টি জানালে আলমগীর পাটোয়ারী প্রতিবাদ করতে গেলে সেকান্তর পাটোয়ারী তার ছেলে রাশেদ পাটোয়ারী ও মেয়ে লিপি আক্তারসহ অন্যান্যরা দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে হামলা চালায়।
তাদের হামলায় আলমগীর, হাফেজা আক্তার, রুবি আক্তারসহ ৫ নারী-পুরুষ আহত হয়। আহতদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে আলমগীর পাটওয়ারী চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন।