কচুয়ায় সহকারী কমিশনার রুমন দের বাজার মনিটরিং


রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে

কচুয়া ব্যুরো
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে যাতে অসাধু ব্যবসায়ীরা বাজারে নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে, তার জন্য মনিটরিং করছে কচুয়া উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বিকেলে কচুয়া বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।
মনিটরিং শেষে রুমন দে সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীদের নিত্যপণ্যের তালিকা প্রদর্শন, ওজনে কারচুপি না করা এবং সঠিক মূল্য রাখার জন্য বলা হচ্ছে। এর ব্যত্যয় হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে ব্যবসায়ীদের ফুটপাতের উপর রাখা দোকানগুলো সরিয়ে ফেলার জন্য ২৪ ঘণ্টার সময় দেন তিনি।
এদিকে মেয়াদউত্তীর্ণ ঔষধ মজুদ করার কারণে বাজারের আহমাদীয় ফার্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) রুমন দে।
এসময় উপস্থিত ছিলেন একাত্তর টেলিভিশনের কচুয়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রাকিবুল হাসান, সাংবাদিক ইউনুস মিয়া, মেহেদী হাসান, কচুয়া থানার পুলিশ উপ-পরিদর্শক বাহাউল, উপজেলা ভূমি অফিস সহকারী মোতাহের হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সাথে আলোচনা সভায় ও মাসিক আইন শৃংখলা কমিটির মিটিংয়ে নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বলেন, রমজান উপলক্ষে যথেষ্ট পরিমাণ জিনিস মজুদ রয়েছে। যারা হঠাৎ নিত্যপণ্যের দাম বাড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুরো রমজান মাসজুড়ে কচুয়া বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে।