মুন্সীরহাট সিরাজুল হক হাজরা বালিকা বিদ্যালয়ের সুধী সমাবেশ ও ইফতার মাহ্ফিল


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট সিরাজুল হক হাজরা বালিকা বিদ্যালয়ের সুধী সমাবেশ ও ইফতার মাহ্ফিল গত শুক্রবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নূরুল আমিন রুহুল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মুন্সীরহাট এলাকায় সামাজিক কর্মকা-ে হাজরা পরিবারই সবার আগে এগিয়ে আসে। তাদের মাঝে কোনো হিংসা, বিদ্বেষ বা অহংকার বলতে কিছুই নেই। তাই মুন্সীরহাট এলাকাটি হাজরা পরিবারের এলাকা বললেই সবাই চিনে ও জানে। ভাল কাজের অংশীদারিত্ব এ পরিবারেরই সিরাজুল হক হাজরা বালিকা বিদ্যালয় স্থাপন করে আরেকটি দৃষ্টান্ত সৃষ্টি করলো। সবাই আন্তরিকভাবে সহযোগিতা করলে ভবিষ্যতে এ বিদ্যালয়টি একদিন এই এলাকার সুনাম বয়ে আনবে। নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ বিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করেন এবং সবসময় সু-দুষ্টি রাখবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কালাম হাজরার সভাপতিত্বে এবং মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. জহিরুল ইসলাম হাজরার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করীম, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মুবিন সুজন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ এমএ মালেক, সিরাজুল হক হাজরা বালিকা বিদ্যালয়ের উদ্যোক্তা হাজি মো. নূরুজ্জামান, মুন্সীরহাট বাজার সমিতির সভাপতি আব্দুস শুক্কুর মাস্টার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াজুল আলম রিয়াদ, মতলব পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সভাপতি জাকির হোসেন প্রধান। সবশেষে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়।