হাজীগঞ্জে মুসল্লিদের সাথে ওসি’র মতবিনিময়


হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে মসজিদের মুসল্লিদের সাথে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও জঙ্গিবাদসহ সম-সাময়িক বিষয়ে মতবিনিময় করেন থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি। গত শুক্রবার জুমার নামাজ পূর্ববর্তী সময়ে পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের তাকওয়া মসজিদের মুসল্লিদের সাথে এ মতবিনিময় করেন তিনি।
মতবিনিময় সভায় মো. আলমগীর হোসেন রনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। আমাদের ধর্মে দুনিয়া ও আখিরাতে কল্যাণ রয়েছে। সে কল্যাণ লাভ করতে হলে, ধর্মীয় বিধি-বিধান অনুযায়ী চলতে হবে। তিনি বলেন, এ ধর্মীয় মূল্যবোধ না থাকার কারনে আজকাল মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও জঙ্গিবাদসহ সামাজিক অপরাধ বেড়ে গেছে। যার ফলে যুব সমাজ ধ্বংসের পথে।
আলমগীর হোসেন রনি বলেন, যুব সমাজের অবক্ষয়ের কারণে, পরিবার তথা সমাজ হুমকির মুখে। তাই আমাদের সচেতন হতে হবে। যার যার ধর্ম অনুযায়ী, আমাদের সন্তানদের ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দিতে হবে। কোথাও কোন ধরনের অপরাধমূলক কার্যক্রম সংগঠিত হলে অথবা আশংকা দেখা দিলে, সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।