মেঘনা নদীতে চাঁদা তুলতে গিয়ে জনতার হাতে চাঁদাবাজ নিহত

মতলব উত্তর ব্যুরো
মেঘনা নদীতে বাল্কহেডে চাঁদা তুলতে গিয়ে জনতার হাতে মামুন বেপারী (৩৮) নামের এক চাঁদাবাজ নিহত হয়েছে। শনিবার (৩ জুলাই) বিকালে মেঘনা নদীর মতলব উত্তর ও মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীর সীমান্ত সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ার দক্ষিণ জামালপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে চাঁদাবাজি করে আসছিল বলে জানিয়েছে নৌ-পুলিশ।
নৌ-পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকালে মেঘনা নদীতে মামুনসহ কয়েকজন চাঁদাবাজ একটি ট্রলার নিয়ে বাল্কহেডে চাঁদা তুলতে যায়। এসময় একটি বাল্কহেড শ্রমিকরা তাদের চাঁদা দিতে না চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় কথা কাটাকাটির এক পযার্য়ে শ্রমিকরারা ডাক চিৎকার দিলে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেয়। গণপিটুনি চাঁদাবাজ মামুনের মাথায় আঘাত করলে গুরতর আহত হয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গজারিয়া নৌ-পুলিশের ইনচার্জ আব্দুস সালাম জানান, মামুন বেপারী একজন চিহ্নিত নৌ চাঁদাবাজ। তাকে ধরার জন্য গজারিয়া নৌ পুলিশ ফাড়ি ও গজারিয়া থানা পুলিশ একাধিকবার যৌথ অভিযান চালায় তবে তাকে আটক করা যায়নি।
এদিকে নিহতের ছোট ভাই শাহাদাৎ হোসেনের জানান, তার ভাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন জানান, নিহতের লাশ তার স্বজনরা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনায় মতলবের বেলতলী নৌ-পুলিশের ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানান, বাল্কহেডে চাঁদাবাজির মামলার প্রস্তুতি চলছে।

০৪ জুলাই, ২০২১।